এন ভি রমণের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর দেশের অস্থায়ী প্রধান বিচারপতি হয়েছিলেন ইউ ইউ ললিত। গত শুক্রবার কেন্দ্র সরকারের তরফে তাঁর কাছে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়। আজ, মঙ্গলবার সেই নাম প্রস্তাব করেন ললিত। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চায় কেন্দ্র সরকার। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা জানিয়েছেন ইউ ইউ ললিত। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতে তিনি এই চিঠি দিয়েছেন। সূত্রের খবর, নিয়মমাফিক বিচারপতি ললিত পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের বিষয়টি কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন।
এন ভি রমণের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর গত আগস্ট মাসে অস্থায়ীভাবে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ইউ ইউ ললিত। তবে তাঁর সেই তিনমাসের মেয়াদও এবার শেষ হয়ে আসছে। আগামী ৮ই নভেম্বর প্রধান বিচারপতির পদ ছেড়ে দিতে হবে তাঁকে। তার আগে মঙ্গলবার নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন তিনি।
সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে ১৯৯৮ সালে বিচারপতি চন্দ্রচূড় ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন।
বম্বে হাইকোর্টেও ওকালতি করেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি। ডি ওয়াই চন্দ্রচূড় যদি প্রধান বিচারপতি নিযুক্ত হন, তাহলে ২০২৪ সালের ১০ই নভেম্বর পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালে থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি।






