কালীপুজোর আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাজি বাঁধতে গিয়ে ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণ গেল এক শিশুর। আরও একজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ উড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী দ্বন্দ্ব।
জানা গিয়েছে, পশ্চিম পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে বাজি বাঁধার কাজ চলছিল। এছাড়াও বাড়িটিতে কিছু বাজি মজুতও করে রাখা হয়েছিল। আজ, মঙ্গলবার সকাল দশটা নাগাদ ওই বাড়িতে রাখা বাজিতে বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় এক শিশুর। জখম হয়েছেন এক মহিলা। তাঁর আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
ওই বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হ্যেচজে। ওই বাড়িতে অবৈধভাবে বাজি বাঁধার কাজ চলছিল কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও, ওই বাড়িতে অন্য কোনও শক্তিশালী বিস্ফোরক রাখা ছিল কী না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে, এই ঘটনায় রাজনীতির রঙ লেগেছে। বিরোধীদের দাবী, ওই বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্ফোরক মজুত করা হচ্ছিল। তবে এর পালটা জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “বাংলাকে বদনাম করার জন্য লোক ঢুকিয়ে বিরোধীরা এসব করছে কী না দেখতে হবে”।





