‘এটা বিচারাধীন বিষয়, আদালতকে গিয়ে জিজ্ঞাসা করো’, দায় ঝেড়ে ফেলে টেট আন্দোলন নিয়ে সাফ বার্তা মমতার

গতকাল, সোমবার থেকে চাকরির দাবী নিয়ে রাজপথে নেমেছে টেট উত্তীর্ণরা (TET aspirants)। এদিন করুণাময়ী মোড়ে এপিসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তারা। গোটা রাত চলে বিক্ষোভ। তবে টেট আন্দোলনকারীদের নিয়ে কোনও বাক্য ব্যয় করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমনই জানালেন মমতা।

গতকাল, সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যান মালবাজারে। সেখানে মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আজ, মঙ্গলবার মৃতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকারীদেরও ১ লক্ষ টাকা ও প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

এদিন টেট উত্তীর্ণদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, “এই সব নিয়ে আমি এখন আলোচনা করছি না। এটা এখন বিচারাধীন বিষয়। আদালত নির্দেশ দিয়েছে। তোমরা আদালতকে গিয়ে জিজ্ঞাসা করো”।

টেট উত্তীর্ণদের দাবী নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে চান না। তাদের সরাসরি নিয়োগ করতে হবে। তাদের দাবী, তারা ২০১৪ সালে টেট পাশ করেছেন। দু’বার ইন্টারভিউও দিয়েছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র মেলেনি তাদের। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামীকাল, বুধবার থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছে। কিন্তু টেট আন্দোলনকারীদের দাবী, সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তাদের আগে নিয়োগপত্র দিতে হবে।

এই বিষয়ে আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে। তাঁদের আবেগের প্রতি আমি সহমর্মী। কিন্তু অন্যায্য দাবি মানা যায় না। তাঁরা চাইছেন ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন, দু’‌বার ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তাঁরা তালিকাভুক্ত হননি। তাঁরা কোনওভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন না। নট ইনক্লুডেডদের যদি নিয়োগ দিতে হয়, তাহলে কি সেটা আইনানুগভাবে সঙ্গত”।

RELATED Articles