সামনেই কালীপুজো। আর তার আগেই রয়েছে ধনতেরস। এই ধনতেরসের দিন সোনা-রুপোর জিনিস বা বাসনপত্র কেনাকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি কিনলে সংসারে সুখ আসবে। সংসার থেকে দূর হবে অভাব-অনটন।
তবে জ্যোতিষশাস্ত্র মতে, শুধুমাত্র সোনা-রুপোই নয়, এমন আরও অনেক জিনিসই রয়েছে যা কিনলে সংসারে শ্রীবৃদ্ধি হবে। এই জিনিসগুলিও ধনতেরসের দিন কেনা খুবই শুভ বলে মনে করা হয়। সেই জিনিসগুলি কী কী, দেখে নিন-
ঝাড়ুঃ ধনতেরসের দিন ঘরে ঝাড়ু কিনে কেনা শুভ বলে মনে করা হয়। ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। তাই এদিন সোনার বদলে ঝাড়ু কিনতে পারেন। ঘর পরিষ্কার করতে ঝাড়ুর প্রয়োজন, তেমনি মনের অশুভ দিকগুলিকে ঝেড়ে ফেলার জন্য সাহায্য করে।
পান পাতাঃ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হল পানপাতা। সেই কারণে ধনতেরসের দিন অবশ্যই ৫টি পানপাতা কিনুন। মহালক্ষ্মীকে পানপাতা অর্পণ করুন ও দীপাবলি উত্সব শেষ হওয়ার পরের দিন সেগুলি জলে ভাসিয়ে দিতে পারেন।
লক্ষ্মী–গণেশের মূর্তিঃ এইদিনের শুভ উপলক্ষ্যে বাড়িতে সম্পদের দেবী লক্ষ্মী ও সৌভাগ্যের দেবতা গণেশের মূর্তি আনতে পারেন। মনে রাখবেন, এই মূর্তি যেন মাটির তৈরি করা হয়। তাতে আগামী বছরগুলিতে বিসর্জন করা যায়। এই দিনে গণেশ-লক্ষ্মীর মূর্তি আনলে ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।
লক্ষ্মীর চরণঃ ধনতেরসের দিন ঘরে লক্ষ্মীর চরণ আনলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে লক্ষ্মীর চরণকে ঘনে আনা মানেই লক্ষ্মীর আবাহন বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মীর পা ঘরে আনার অর্থ হল বাড়িতে আমন্ত্রণ জানানো। লক্ষ্মীর দুপায় ঘরে আনতে পারলে ভাল। পুজোর ঘরে যত্ন করে রেখে দিন।
ধনেঃ ধনতেরসে ধনে অবশ্যই কেনা উচিত। দেবী লক্ষ্মীকে ধনে নিবেদন করলে সম্পদ বৃদ্ধি হয়। কেনা ছাড়াও যদি ধনে বাড়ির আশেপাশে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে চিরকাল লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। ধনে হল সুখের প্রতীক। তবে এই ধনে যেন কখনও রান্নায় ব্যবহার করবেন না। দীপাবলি শেষ হলে গরুকে খাওয়াতে পারেন।





