গর্বের মুহূর্ত! সেরা ১০ ভারতীয় ছবির তালিকায় প্রথম স্থান পেল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা ঋত্বিক-মৃণালের

সত্যজিৎ রায়, নামটাই যথেষ্ট মানুষটির প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানোর জন্য। তাঁর হাত ধরেই যে বাংলা চলচ্চিত্রে নতুন জোয়ার এসেছিল, তা তো অনস্বীকার্য। আর সেই প্রমাণ মিলে চলেছে আজও। আজও তিনি সকলের মনে ততটাই বিরাজমান যতটা দু-তিন দশক আগেও ছিলেন। তাই তো তাঁর ছবি ‘পথের পাঁচালী’ এত বছর বাদেও ভারতীয় সিনেমার জগতে সেরার সেরা রূপে গণ্য করা হয়।

দেশের চলচ্চিত্র ইতিহাসে সেরা ১০টি ছবির মধ্যে প্রথম তিনটিই বাংলা। আর সেই তিন মূর্তি হলেন সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষাতেই সমালোচকদের মতের ভিত্তিতেই সেরার সেরা জায়গা করে নিয়েছে ‘পথের পাঁচালী’। এই ছবিকেই এখনও পর্যন্ত সেরা ছবির আখ্যা দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ও তৃতীয় স্থান দখল করেছে মৃণাল সেনের ‘ভুবন সোম’।

১৯৫৫ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘পথের পাঁচালী’কে পর্দায় তুলে ধরেন সত্যজিৎ রায়। সেই ছবিকেই এখনও পর্যন্ত দেশে তৈরি হওয়া সেরা ছবির আখ্যা দেওয়া হল সমালোচক সংগঠনের তরফে। এই তালিকায় সত্যজিতের আরও একটি ছবি রয়েছে, তা হল ‘চারুলতা’।

সেরা ছবির তালিকায় রয়েছে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’। যেটি মুক্তি পায় ১৯৮১ সালে। চতুর্থ স্থানে এই ছবি জায়গা করে নেয়। এরপরেই তালিকায় রয়েছে গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’। এই ছবি মুক্তি পায় ১৯৭৭ সালে।

এই তালিকার ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে এমএস সথ্যুর ‘গরম হাওয়া’। ‘গরম হাওয়া’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। ঠিক এরপরেই ফের বাংলা ছবি। তালিকার সপ্তমস্থানে রয়েছে সত্যজিৎ রায়ের ‘চারুলতা’। অষ্টমে রয়েছে শ্যাম বেনেগলের ‘অঙ্কুর’। নবমে রয়েছে গুরুদত্তের ‘পিয়াসা’ এবং দশমে রয়েছে বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘শোলে’।

১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস নামের এই সংগঠন। দেশ ও বিদেশের চলচ্চিত্র উৎসবে যে সমস্ত ছবি অংশ নিয়েছে, সেই সমস্ত ছবিকে পুরস্কৃত করা হয় এই সংগঠনের মাধ্যমে। ৩০ জন সদস্যদের মতামতের উপর ভিত্তি করে সেরা ছবির তালিকা তৈরি হয়।

আরও অন্যান্য খবর