‘ওরা ৬ মাস বেতন পায় না, এবার রাজ্য সরকারি কর্মচারীরাও বেতন পাবে না, সরকার দেউলিয়া’, NCC-এর তহবিল বন্ধের বিতর্কে সরব শুভেন্দু

রাজ্য সরকার (State Government) পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বেতনও যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। এনসিসি-র (NCC) তহবিল বন্ধ হয়ে যাওয়ার বিতর্ক নিয়ে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগণায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শুধু এনসিসির ফান্ড নয়, অনেক কিছুই বন্ধ। এই যে ঝড় আসার কথা ছিল। সিভিল ডিফেন্সের ছেলেগুলোকে কাজ করতে বলা হয়েছে। ওরা ৬ মাস বেতন পায় না। সরকার পুরো দেউলিয়া হয়ে গিয়েছে। এবং এরা কিছুদিনের মধ্যে বেতন দিতে পারবে না”।

প্রসঙ্গত, NCC-র তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে তহবিল বরাদ্দ না করার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, ৩ কোটি টাকা তহবিল পাওনা রয়েছে তাদের। যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন NCC-কে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে NCC-এর তরফে জানানো হয়েছে যে তহবিল যদি বরাদ্দ না করা হয়, তাহলে নতুন ক্যাডেট নিয়োগ করা সম্ভব নয়।

এই বিষয় নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে সিপিএমও। তাদের কথায়, এনসিসি করলে তো আর কেউ তৃণমূল করতে যাবে না। বিশৃঙ্খলা চায় তৃণমূল। তাই যুবকদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার প্রশিক্ষণ নিয়ে এত আপত্তি তৃণমূলের।

আরও অন্যান্য খবর