অত্যন্ত সংকটজনক অবস্থায় ঐন্দ্রিলা, রাতে পরপর ১০ বার হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী, উদ্বেগ প্রকাশ চিকিৎসকদের

অত্যন্ত সংকটজনক অবস্থা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। রাতে প্রায় ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গিয়েছে চিকিৎসক সূত্রে। তবে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক মহল উদ্বেগে রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, গত রাতে পর পর বেশ কয়েক বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাঁকে সিপিআর দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী।

সবরকম সাপোর্ট থাকা সত্ত্বেও দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ঐন্দ্রিলার। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা যাচ্ছে।

বলে রাখি, গত বৃহস্পতিবার রাতে খবর মেলে যে অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। কড়া কড়া ওষুধ চলছে সংক্রমণের কারণে। অ্যান্টিবায়োটিকের মাত্রাও বাড়ানো হয়েছিল বলে জানা যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন যে ঐন্দ্রিলা চোখ খুলছেন না।

জানা গিয়েছিল, ঐন্দ্রিলার সারা শরীর অসাড় হয়ে রয়েছে। তাঁর মুখে কোনও প্রতিক্রিয়া নেই। এরপর সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যের পর পরপর হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, এরপর অবস্থা স্থিতিশীল হয় তাঁর।

এদিকে আবার শনিবার রাতে আচমকা দেখা যায়, ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছেন। গত কয়েক দিনে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে নানান পোস্ট করেছিলেন সব্যসাচী। কিন্তু কেন সমস্ত পোস্ট তিনি মুছে দিয়েছেন, তা জানা যায়নি। সব্যসাচীকে পোস্ট মুছে ফেলতে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। আর আজ সকাল থেকে তাঁদের উৎকণ্ঠা আরও বাড়ল।

আরও অন্যান্য খবর