ফের উপত্যকায় সাফল্য পেল কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। আজ, মঙ্গলবার সকালেই কাশ্মীরের সোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ। এলাকায় নজরদারি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পুলিশের পাল্টা আক্রমণে তিনজনেরই মৃত্যু হয়েছে বলে খবর।
কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার ভোর বেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক গুলির লড়াই চলার পরে তিন জনের মৃত্যু হয়। মৃত তিনজনই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও।
অন্য দু’জনের মধ্যে এক লস্কর জঙ্গির নাম লতিফ লোন। দু’মাস আগে তার বিরুদ্ধে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ করা হয়। আর অন্য এক জঙ্গির নাম উমর নাজির। তার বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, ওই তিন জঙ্গির থেকে উদ্ধার করা হয়েছে একে ৪৭ রাইফেল ও পিস্তল। পুলিশের অনুমান আসেপাশে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিশ।
বলে রাখি, কিছুদিন আগেই কাশ্মীরের এক লস্কর জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ প্রশাসন। আবদুল রশিদ নামের সেই জঙ্গি আপাতত পলাতক। তবে জানা গিয়েছে, সেই জঙ্গি নিয়ন্ত্রণরেখায় নানান ধরণের সন্ত্রাসমূলক ষড়যন্ত্র করে চলেছে। ওই জঙ্গির বাড়ি কাশ্মীরের ডোডা জেলার খানপুরা গ্রামে। গত শনিবার সেই বাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই লস্কর জঙ্গিদের ডেরা খুঁজে বের করে অভিযান চালিয়ে সাফল্য পেল কাশ্মীর পুলিশ।





