মনের বিচ্ছেদ আগেই হয়ে গিয়েছিল। এবার আইনি পথেও বিচ্ছেদ হতে চলেছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ও তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের (Sujata Mandal)। দু’জনেই সম্মতিতেই বিবাহবিচ্ছেদের (divorces) আবেদন করা হয়েছে আদালতে, এমনটাই জানা গিয়েছে। সুজাতার কথায়, “চরিত্রহীন লোক একটা, একসঙ্গে থাকা যায় না”।
এর আগেও স্ত্রীর থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র। কিন্তু সেই সময় তাঁকে ডিভোর্স দিতে চান নি সুজাতা। এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। অনেক কিছুই ঘটে গিয়েছে। গত শনিবার ফের বাঁকুড়া আদালতের দ্বারস্থ হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন জানান সৌমিত্র।
আর আজ, মঙ্গলবার সেই একই আবেদন জানালেন সুজাতাও। এই প্রসঙ্গে বিজেপি সাংসদের আইনজীবী সোমনাথ রায়চৌধুরী জানান, “শনিবারই বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন সৌমিত্র। এদিন কলকাতা থেকে সুজাতাদেবীর আইনজীবী এসে একই আবেদন জানালেন”। দু’জনের সম্মতিতেই এই বিবাহবিচ্ছেদের মামলা রুজু হল বলে জানা গিয়েছে।
সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে গত বছরের শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। সেই সময় চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে।
পাল্টা সুজাতাকে বলতে শোনা গিয়েছিল যে রাজনীতির প্রভাব ব্যক্তিগত জীবনে কখনই পড়তে দেওয়া উচিত নয়। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। কারণ তিনি জানিয়েছিলেন যে তিনি স্বামীকে ভালবাসেন। তাঁর নামে শাঁখা-সিঁদুর পরেন, বিচ্ছেদের কথা ভাবছেনই না।
তবে পরবর্তীতে শোনা যায়, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। এবার তাই তিনি দ্বারস্থ হলেন আদালতের। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন তিনি। সেই সময় সুজাতা ডিভোর্স না দিতে চাইলেও এবার স্বামীকে ‘চরিত্রহীন’ বলে নিজেও বিবাহবিচ্ছেদ চাইলেন সুজাতা।






