সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল রাজস্থানে। বরযাত্রী বোঝাই বাস মেজ নদীতে পড়ে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। যার মধ্যে ৩ শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরযাত্রী বোঝাই বাসটি কোটা থেকে সাওয়াই মাদপুরের দিকে যাচ্ছিল। বাসটিতে ছিল মোট ২৮ জন যাত্রী। এদিন ভোরে লাখেরি শহরের সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মেজ নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখা মাত্রই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। যদিও ততক্ষণে অনেকেরই মৃত্যু হয়। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বাসের ভিতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। স্থানীয় পুলিশ আধিকারিক জানান, ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ মহিলা ও ৩ শিশু রয়েছে। গুরুতর আহত ৪ জন বর্তমানে লেখারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
I am deeply saddened to learn about the tragic accident in #Bundi in which 24 people have lost lives after the bus fell into river Mej.. My heartfelt condolences to the bereaved families who have lost their loves ones in this tragedy. I wish speedy recovery to all injured.
— Ashok Gehlot (@ashokgehlot51) February 26, 2020
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, “মেজ নদীতে বরযাত্রীবোঝাই বাস পড়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা তীব্র শোকাহত। দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, আমরা তাঁদের পাশে আছি।”






