দিল্লি সংঘর্ষ নিয়ে ৩ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর-এর পরামর্শ দিল্লি হাইকোর্টের

দিল্লি সংঘর্ষে কপিল মিশ্রা সহ তিন বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার পরামর্শ দিল দিল্লি হাইকোর্ট। এই মর্মে হাইকোর্টের সলিসিটর জেনারেলকে দিল্লি পুলিশ কমিশনারকে জানাবার পরামর্শ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মুরলীধর।

দিল্লি হাইকোর্টে মঙ্গলবারই এই হিংসার ঘটনায় পৃথক বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলার শুনানি পর্বেই পুনরায় দিল্লি পুলিশের ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দেও এবং সলিসিটর জেনারেলের সামনে আদালত কক্ষে একটি ভিডিও চালিয়ে দেখানো হয়। ভিডিওটিতে দেখা যায়, উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে ডেপুটি কমিশনার অফ পুলিশের সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা কপিল মিশ্র হুমকি দিচ্ছেন, ‘তিন দিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না নিতে পারলে আমরাই ব্যবস্থা নেব।’ ভিডিওটি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি দেখার পর বিচারক মুরলীধর মন্তব্য করেন, ‘অবস্থা খুবই অপ্রীতিকর। কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন, এই ভিডিও আমরা খবরের চ্যানেলেও বহুবার দেখেছি’ পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে এদিন আদালত এরপর ওই তিন বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার পরামর্শ দেন তিনি।

দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন ১৯৮৪-র শিখ দাঙ্গার প্রসঙ্গও টানেন বিচারপতি মুরলীধর। তিনি বলেন, ‘দেশে আইন-ব্যবস্থা রয়েছে। আদালত রয়েছে। এমতাবস্থায় দাঁড়িয়ে কোনোভাবেই দেশে ১৯৮৪ সালের মতো আরেকটি পরিস্থিতি হতে দিতে পারি না।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে হিংসা-উপদ্রুত এলাকায় গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment