২৪-এর লোকসভা নির্বাচনের আগেই জনসাধারণের জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দির, নির্দিষ্ট তারিখ জানিয়ে দিলেন অমিত শাহ

অবশেষে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) জন্য অপেক্ষা শেষ হতে চলেছে তীর্থযাত্রীদের। আজ, বৃহস্পতিবার ত্রিপুরার এক জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করে দিলেন যে ঠিক কবে খুলতে চলেছে রাম মন্দির। অমিত শাহ জানান যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের (2024 Lok  Sabha Election) আগেই উদ্বোধন হবে রাম মন্দিরের। সে বছরের ১ জানুয়ারি খুলে যাচ্ছে অয্যোধ্যার রাম মন্দির।

চলতি বছরেই নির্বাচন রয়েছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায়। এই রাজ্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়াই চালাবে বিজেপি। সেই কারণে এখন থেকেই নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির। মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবং কেন্দ্র ও সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে জনগণকে অবগত করতে বিজেপি বৃহস্পতিবার থেকে ‘জন বিশ্বাস যাত্রার’ সূচনা করল ত্রিপুরায়।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুটি রথযাত্রার সূচনা করেন। তারপর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন যে কংগ্রেস ও সিপিএম মন্দিরের নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে। তাদের জন্য এই বিষয়টি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “সুপ্রিম কোর্টের রায়ের পর মোদীজি মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন”। অমিত শাহ আরও বলেন, “রাহুল বাবা সাবরুম থেকে শুনুন, ২০২৪ সালের ১ জানুয়ারি রাম মন্দির তৈরি হয়ে যাবে”।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দির জনসাধারণের জন্য কবে খুলবে, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। বিজেপির তরফে এর আগে বেশ কয়েকবার বলাও হয়েছিল যে ২০২৪ সালের প্রথমের দিকেই খুলে যাবে রাম মন্দির। কিন্তু নির্দিষ্ট করে কোনও তারিখ জানানো হয়নি সেই সময়। তবে এদিন ত্রিপুরার সভা থেকে অমিত শাহ জানিয়ে দিলেন যে ঠিক কবে থেকে আমজনতা দর্শন করতে পারবেন অয্যোধ্যার রাম মন্দিরের।

বলে রাখি, আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় দুটি রথযাত্রার উদ্বোধন করেন অমিত শাহ। এই রথযাত্রা চলবে আটদিন ধরে। এই রথযাত্রার মাধ্যমে রাজ্যের নানান উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরতে চায় বিজেপি। গতকাল, বুধবারই ত্রিপুরা সরকারের তরফে গত পাঁচ বছরে তাদের কাজের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে। ১০টি হেডিংয়ে মোট ৮৪টি পয়েন্ট তুলে ধরেছে সে রাজ্যের সরকার। বিজেপি সরকারের দাবী ২০১৮ সালে যেসমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব পূরণ করা হয়েছে।

RELATED Articles