বিগত কয়েকদিন ধরেই উঠে আসছিল অটো (autorickshaw) চুরির অভিযোগ। উত্তর ২৪ পরগণার কামারহাটি, সোদপুর, খড়দহ নানান এলাকার অটো চালকরা (auto driver) বারবার অটো চুরি যাওয়ার অভিযোগ জানাচ্ছিলেন পুলিশের (police) কাছে। এবার ধরা পড়ল আসল নাটের গুরু।
অটোচালকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে খড়দহ থানার পুলিশ। আর তদন্তে নেমেই তারা জানতে পারেন যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। এই চুরির ঘটনায় যুক্ত ডানলপ থেকে ব্যারাকপুর রুটের অটো ইউনিয়নের তৃণমূল সম্পাদক অজিত সাউ। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপনে অভিযান চালিয়ে অটো-সহ অভিযুক্ত অটো ইউনিয়নের তৃণমূল সম্পাদক অজিত সাউকে আটক করে খড়দহ থানার পুলিশ। খড়দহ স্টেশন রোড থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতকে জেরা করে চুরি যাওয়া অটো কোথায় রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনায় খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার বলেন, “অভিযোগ কারা করেছে আমি ঠিক জানি না। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিজের মতো ব্যবস্থা নেবে”।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন, “বিভিন্ন জায়গায় অটোর দৌরাত্ম্য চলছে। এই ধরনের তৃণমূল সম্পাদকের নামধারী নেতারা, আরও কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটিয়েছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে। রুটে চলা বেশিরভাগই বেনামী অটো। যার উপযুক্ত নথি নেই। কিন্তু অটো গায়েব হওয়া। সেই অটো অন্যরুটে চলা একটা বিশাল চক্র। বর্তমানে অটো সমেত এই সভাপতি ধরা পড়েছে। উনি গ্রেফতার হয়েছে। এই রকম আরও চক্র কাজ করছে”।





