ভরা বসন্তে গরমের আঁচ সহ্য করা হয়ে গিয়েছে বঙ্গবাসীর। এবার বসন্তে বৃষ্টিরও স্বাদ পেতে চলেছে রাজ্যের মানুষ। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের ৬টি জেলায় হতে চলেছে ঝড়বৃষ্টি, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমঘেঁষা জেলাগুলিতে হবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলা ছাড়াও বীরভূমে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ও বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে ছত্রিশগড় থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই কারণেই ভরা বসন্তে উত্তর ও দক্ষিণবঙ্গে এমন বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে।
প্রকৃতিগত কারণে উত্তরবঙ্গে পাহাড় লাগোয়া জেলাগুলিতে মাঝেমধ্যেই বৃষ্টি হয়ে থাকে। তবে দক্ষিণবঙ্গে দীর্ঘদিন বৃষ্টি হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই দক্ষিণের একাধিক জেলাও ভিজতে চলেছে। তবে এই মুহূর্তে কলকাতায় কোনও রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
চলতি মরশুমে শীতও তেমন পড়ে নি বঙ্গে। হাতেগোনা মাত্র কয়েকটা দিন ছাড়া সেভাবে কনকনে ঠাণ্ডার আমেজ পায়নি বঙ্গবাসী। আবার সময়ের আগেই বিদায় নিয়েছে শীত। শীতের সব উৎসবই কেটেছে গরম গুমোট আবহাওয়ার মধ্যে। দোলও বেশ উষ্ণ এই বছর। এবার বসন্তে অসময়ে হতে চলেছে বৃষ্টিও।





