কালীঘাটে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক মহিলা। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিগন্যাল ভেঙে বেপরোয়াভাবে ছুটে আসা এসইউভি গাড়ির ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা আরও জানিয়েছেন, সম্ভবত ওই ঘাতক এসইউবির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে কালীঘাট থানা সূত্রে খবর।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাতটা নাগাদ। পুজো দিতে যাওয়ার সময় কালীঘাট মন্দিরের কাছে রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। সিগন্যাল ভেঙে ছুটে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় একজন ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে এসইউভি গাড়িটি ফের ধাক্কা দেয় ওই মহিলাকে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বয়স ৪০-এর কাছাকাছি। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটি পালানোর সময় আরেকটি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়ির চালকও আহত হয়েছেন।






