মাংসের ঝোলে কী ভাসছে ওটা? বিয়েবাড়ির ভোজ খেয়েই বিপত্তি, অসুস্থ শতাধিক মানুষ, আশঙ্কাজনক অবস্থা এক অন্তঃসত্ত্বার

ছিল বউভাতের ভোজ। মেনুতে ছিল মাংস থেকে শুরু করে মিষ্টি সবই। কিন্তু সেই খাবার খেয়েই ঘটল বিপত্তি। অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। প্রায় ৪৬ জন ভর্তি হাসপাতালে। এক অন্তঃসত্ত্বার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে খবর। ঠিক কী কারণে এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথপুর এলাকায়।

জানা গিয়েছে, রঘুনাথপুরের বাসিন্দা সৌরভ রায়ের বিয়ে হয়েছে শীতলপুরে। গতকাল, শুক্রবার ছিল বউভাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গিয়েছিলেন প্রায় ১২০-১২৫ জন কনেযাত্রী। রাতে খাবার খাওয়ার পরই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, একের পর এক সকলের শুরু হয় বমি ও পায়খানা। অসুস্থদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। তাদের মধ্যে ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন যার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হতে পারে।

আমন্ত্রিত এক আত্মীয়ের কথায়, তিনি কলকাতা থেকে ঘাটালে বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। খেতে বসে প্রথম থেকে সব পদই খান তিনি। মাংসও খান। দ্বিতীয়বার মাংস চাইলে তিনি দেখতে পান, তাতে পোকার মতো কিছু একটা পড়ে রয়েছে।

তৎক্ষণাৎ সেটা দেখে পরিবেশককে দেখান তিনি। কিন্তু তাঁরা চুপ করে যেতে বলেন। পরে ওই ব্যক্তির প্লেট পাল্টে দেন। তবে সেটাই যে এমন বিপদ ডেকে আনবে, তা তিনি ভাবতেও পারেননি। পরে বাড়ি ফেরার পর তাঁরও একই অবস্থা হয়। মাঝরাত থেকে শুরু হয় বুকে কষ্ট, তারপর শুরু হয় বমি। ভোরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল যে এত মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন? তা খতিয়ে দেখার জন্য দু’টি মেডিক্যাল টিম পৌঁছেছে ওই গ্রামে। মহকুমা শাসক সুমন বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডলও ঘটনার খবর পেয়ে সেখানে যান। নতুন করে কেউ অসুস্থ হয়ে পড়ছেন কী না, সেদিকে নজর রাখা হয়েছে।

RELATED Articles