এবারের শীতের মরশুমে সেভাবে শীত তো পড়েই নি বঙ্গে, আর বসন্ত পড়তেই শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ। বসন্তকাল না গ্রীষ্মকাল, তা বোঝা দায় হয়ে উঠেছে। দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে এরই মধ্যে মিলল স্বস্তির খবর। এই দাবদাহ থেকে বাঁচতে এবার বসন্ততেই দেখা মিলবে কালবৈশাখীর। আগামী সপ্তাহেই কালবৈশাখীর জেরে প্রবল বৃষ্টিতে ভিজবে বাংলা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে বড়সড় পরিবর্তন দেখা যাবে আবহাওয়ায়। রাজ্য জুড়েই তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এর আর এই অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে চলেছে মুষলধারে বৃষ্টি।
আজ, শনিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, দুই দিনাজপুরের কিছু অংশে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের উপর যে এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে, তা হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল। আর এর জেরেই সপ্তাহের শেষে রাজ্যে আবহাওয়ার বদল ঘটতে পারে বলে জানা গিয়েছিল। আজ, শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানান আবহবিদরা।
তবে কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতে অবশ্য ঝড়- বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। আবার পরশু থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা হেরফের খুব একটা হবে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ থেকে ২৪ সেলসিয়াসের মতো। তবে আগামী বুধবার কলকাতা-সহ দুই বঙ্গেই অকাল কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।





