ধেয়ে আসছে দুর্যোগ, প্রবল ঝড়বৃষ্টিতে কলকাতা-সহ ভিজবে একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়াও

পূর্বাভাসই সত্যি হল। আজ, বুধবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় দেখা গেল মেঘলা আকাশ। অনেক জেলায় আবার সকালের দিকে হালকা বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৯ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৪ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। আবহাওয়া দফতরে সূত্রে খবর, কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আগামী ১৮ ও ১৯শে মার্চ অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এই দু’দিন চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বলে জানা গিয়েছে। বঙ্গোপসাগরের এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস ও পশ্চিমের শীতল বাতাসের সংঘাতের জেরে ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হবে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

RELATED Articles