ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। এবার বাজেয়াপ্ত করা হল নগদ ৩২ লক্ষ ৮০ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার কোনও বৈধ নথি দেখাতে পারে নি আটক হওয়া দুই যুবক।
বিগত কয়েকমাস ধরেই শহরের নানান প্রান্ত থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার হচ্ছে। সেই কারণে শহরের নানান প্রান্তে তল্লাশি বাড়ানো হয়েছে। হাওড়া স্টেশনেও নিয়মিত তল্লাশি চলে। সেই তল্লাশি চালাতে গিয়েই এবার উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।
সূত্রের খবর, গত শনিবার দু’জন সন্দেহজনকের ব্যাগে তল্লাশি চালায় আরপিএফ-রা। সেই দু’জনের একজনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ২০ লক্ষ টাকা। তার নাম বিধানচন্দ্র কুমার। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সে। আর অন্যজনের ব্যাগ থেকে মিলেছে ১২ লক্ষ ৮০ হাজার টাকা। দু’জনকেই আটক করে আরপিএফ। কোথা থেকে কেনই বা এই টাকা আনা হচ্ছিল, তা এখনও জানা যায়নি।
বলে রাখা ভালো, এই ঘটনার ঠিক ৮ দিন আগে অর্থাৎ ১১ মার্চ হাওড়া স্টেশন থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ওইদিন দুপুরে এক যুবক ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দীতে হাওড়া স্টেশনে নামে। তার হাবভাব দেখেই আরপিএফের বেশ সন্দেহ জাগে।
এরপরই ওই যুবকের উপর নজরে রাখছিল তারা। পরবর্তীতে তাকে আটক করে জেরা করা হয়। তার বক্তব্যে অসঙ্গতি মেলে। এরপরই যুবকের ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়।






