অবশেষে ভুল স্বীকার করলেন বামনেতা শতরূপ ঘোষ। তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁকে কুরুচিকর মন্তব্যের কারণে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে শতরূপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল। সেই চাপেই এবার নিজের ভুল স্বীকার করে শতরূপ বললেন, “আমি লজ্জিত”।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। বামনেতা শতরূপ ঘোষের উপার্জন নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন ছিল শতরূপ ২ লক্ষ টাকার সম্পত্তির মালিক হয়ে ২২ লক্ষ টাকার গাড়ি চড়েন কীভাবে? কুণাল নিজের পোস্টে লেখেন, “২০২১ সালের নির্বাচনী হলফনামায় শতরূপের সম্পত্তির হিসেব ২ লাখ টাকা। সেই শতরূপ কীভাবে ২২ লাখ টাকার গাড়ি কিনলেন?”
সেই প্রসঙ্গে শতরূপের জবাব ছিল, “যে গাড়িটির কথা বলা হচ্ছে, সেটি আমি জানুয়ারি মাসে কিনেছি। এই গাড়ির টাকা আমার বাবা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেকে করেছেন। রাজ্যের হাতে ইকোনমিক অফেন্স উইং বলে একটি সংস্থা রয়েছে। যদি কোথাও টাকা পয়সা নিয়ে কোনও সন্দেহ থাকে তাদের, তাহলে সোশ্যাল মিডিয়ায় না বলে সেই সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে”।
কুণালের এহেন পোস্টের কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করেন শতরূপ ঘোষ। সেখানে গাড়ি নিয়ে নানান নথিও দেখান তিনি। এর পাশাপাশি বেশ কড়া ভাষায় আক্রমণ শানান কুণালকে। কুণাল ঘোষের দাবী শতরূপ যা বলেছেন তাতে রার সম্মানহানি হয়েছে। সেই নিয়েই বামনেতাকে আইনি নোটিশ ধরান তিনি।
সেই নোটিশের প্রেক্ষিতে এবার শতরূপ বললেন, “কুণাল ঘোষের মন্তব্যের জন্য যা বলার আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। উনি ৭২ ঘণ্টা কেন, ৭২ সেকেন্ডের মধ্যে উনি মামলা করুন। কোর্টে দেখা হবে। তবে টেস্টটিউব বেবি মন্তব্যটা নেতিবাচক অর্থে ব্যবহার করায় আমি লজ্জিত। এটা অবৈজ্ঞানিক কথা। এটা বলা আমার উচিত হয়নি”।
কুণালের পাঠানো সেই আইনি নোটিশে বলা ছিল, “২২ মার্চ আপনার গাড়ি নিয়ে করা কুণাল ঘোষের ফেসবুক পোস্টের পরেই আপনি একটি প্রেস কনফারেন্স করেন। যা রাজ্যের একাধিক বড় বড় সংবাদমাধ্যমে দেখানো হয়। যেখানে আপনি কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক অপমানজনক কথা বলেছেন। আপনি বলেছেন, আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরও এদিকে-ওদিকে সন্তান ছড়িয়ে ছিলেন। ওনার বাবা হয়তো যখন কিছু কিনতেন আমি জানি না, হতে পারে, ওনার প্রশ্ন শুনে মনে হচ্ছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে নিজের নামেই কিনতেন। আমি জানি না উনি টেস্ট টিউব বেবি কী না”।





