নববর্ষের উপহার মুখ্যমন্ত্রীর! নতুন শব্দ শেখালেন মমতা, ‘শুভনন্দন’, দিঘার দু’টি বিচেরও করলেন নামকরণ

রাজনীতির পাশাপাশি ভাষা চর্চাও করে থাকেন তিনি। রাজ্যের নানান প্রকল্পের নাম তাঁরই দেওয়া। কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, চোখের আলো এমন নানান প্রকল্পের নামকরণ করেছেন তিনি। এবার বাংলা অভিধানে নতুন শব্দ যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার হিসেবে নতুন শব্দ শেখালেন তিনি, ‘শুভনন্দন’।

আজ, বুধবার দিঘা সফর শেষে সেখানে এক প্রেস ক্লাবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেস ক্লাব উদ্বোধন করে তিনি বলেন, “আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন”।

এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “এই ক্লাবটি খুব সুন্দর হয়েছে। কলকাতার প্রেস ক্লাব এত সুন্দর নয়। ওখানে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর্মি ওখানে কোনও কংক্রিটের নির্মাণ করতে দেয় না”।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ”আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম আজ”।

এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, দিঘার দু’টি বিচের নামকরণও করা হয়েছে। একটির নাম ঢেউ সাগর, অন্যটির নাম সূর্য সাগর।

মূলত জেলার সাংবাদিকদের জন্য দিঘায় এই প্রেস ক্লাবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মিডিয়া হলেও আপনারা সরকারের একটা অংশ। আমাদের বৃহত্তর পরিবার”। জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় রাখারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা সূত্র থেকে যেসব খবর পান তা যাতে প্রশাসনকে জানানো হয় সেই বার্তাও দেন তিনি। মমতার কথায়, “আপনারা জানালে তবেই প্রশাসন ব্যবস্থা নিতে পারে। মানুষের না পাওয়ার ক্ষোভকে প্রশমিত করা সম্ভব হয়”।

RELATED Articles