তৃতীয়বার দিল্লিতে ইডি-র তলব কেষ্ট-কন্যা সুকন্যাকে, এবারও হাজিরা এড়ালে নেওয়া হবে বড়সড় পদক্ষেপ

ফের একবার গরু পাচার মামলায় (cattle smuggling case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) দিল্লিতে তলব করল ইডি (Enforcement Directorate)। এই নিয়ে তাঁকে তৃতীয়বার দিল্লিতে (Delhi) তলব করা হল। আগামী সপ্তাহেই সুকন্যাকে দিল্লির ইডি-র দফতরে হাজিরা দিতে হবে বলে নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এর আগে অনুব্রত মণ্ডল যখন দিল্লিতে ইডি-র হেফাজতে ছিলেন, সেই সময় সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু হাজিরা দেন নি তিনি। ফের গত সপ্তাহেও তাঁকে তলব করা হয় কিন্তু সেবারও হাজিরা এড়িয়ে যান কেষ্ট-কন্যা। এবার তৃতীয়বার তলবে তিনি সাড়া দেন কী না, সেটাই এখন দেখার।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ জৈনকে গ্রেফতার করেছে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর পাশাপাশি নতুন করে কিছু সম্পত্তিরও হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই সম্পত্তির সবেতেই নাম রয়েছে সুকন্যার। ইডি সূত্রে খবর, সেসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।

সম্প্রতি সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে দিল্লিতে সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর দিল্লি থেকে বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের তাঁকে গরু পাচার মামলায় তলব করা হতে পারে বলে জানানো হয়েছে।

ইডি সূত্রে এও খবর, মণীশ জৈন জানিয়েছেন যে তাঁকে যেভাবে বলা হত, তিনি সেভাবেই কাজ করতেন। অনুব্রতর প্রতাপের কাছে তাঁর পক্ষে অন্য কিছু করা সম্ভব ছিল না। আর এহেন পরিস্থিতিতে যে সুকন্যাকে দিল্লিতে ইডি-র তলব বেশ তাৎপর্যপূর্ণ, তা তো বলাই বাহুল্য। এবার সকলের মনে একটাই প্রশ্ন, সুকন্যাকে কী আদৌ হাজিরা দেবেন এবারে? তবে ইডি-র তরফে এও জানানো হয়েছে যে সুকন্যা যদি এবারে হাজিরা না দেন, তাহলে এবার বড় কোনও পদক্ষেপ নিতে পারেন তারা।

আরও অন্যান্য খবর