বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নামটি এখন পশ্চিমবঙ্গে বহু চর্চিত একটি নাম। কারোর কাছে তিনি স্বয়ং ভগবানের রূপ তো কারোর কাছে তিনি মসীহা। এবার সেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি হল বোলপুরে।
বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তিনদিনের কর্মশালায় প্রখ্যাত ভাস্কর শিল্পীদের সমাবেশ। জীবন্ত মডেলকে সামনে বসিয়ে চলছে জোরকদমে মূর্তি তৈরির কাজ। সেখানেই গড়ে উঠল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। তবে নিজে সশরীরে সেখানে উপস্থিত নন। তাঁর ছবি দেখেই মূর্তি গড়েছেন ভাস্কর ভীম পাল।
এই ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী জানান, “লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি”।
রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে গত এক বছরে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তাঁকে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে সরিয়ে দিয়েছে। তা নিয়েও কম শোরগোল হয়নি রাজ্যে। এবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়েরই আবক্ষ মূর্তি তৈরি করলেন বোলপুরের শিল্পীরা।
উল্লেখ্য, শিল্পী ঝুলন মেহেতরী বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা। ২০১৫ সাল থেকে বোলপুরের জাম্বুনীতে থাকেন তিনি। বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি ৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের এই ভাস্কর্য কর্মশালা।






