ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। আর এর জেরে বাংলায় এল সুখবর। আগামী বুধবার থেকেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এর আগে তাপপ্রবাহ সহ্য করতে হবে বঙ্গবাসীকে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোকা’ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মায়ানমারের উত্তর উপকূল-সহ বাংলাদেশের কক্সবাজার মহেশখালি, টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ দেশে ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে না পড়লেও, ‘মোকা’র প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে। তবে এর আগে বঙ্গবাসীকে তীব্র গরম সহ্য করতে হবে। আজ, সোমবার থেকে ফের গরম বাড়বে। আগামীকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী বুধবার ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রিয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।





