‘বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছাড়লাম’, বিজেপিতে যোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি-সহ ৫০টি পরিবারের, ঘাসফুল শিবিরের বড় ভাঙন চা বলয়ে

ফের চা বলয়ে বড় ভাঙনের মুখে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘনঘন ভাঙন যে শাসক দলকে অস্বস্তিতে ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি-সহ ৫০টি পরিবার।

গতকাল, বৃহস্পতিবার বিকেলে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চৌপথিতে এক সভা করে বিজেপি। মূলত যোগদান সভাই ছিল এটি। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিন্নাগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ও বানারহাট ব্লক জেনারেল সেক্রেটারি স্বপন রায়, বিন্নাগুড়ি অঞ্চল প্রাক্তন কার্যকরী সভাপতি গৌতম রাউত। আর তাদের সঙ্গেই প্রায় ৫০টি পরিবারের সদস্য যোগ দেন গেরুয়া শিবিরে।

এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, মাদারিহাটের বিজেপি বিধায়ক বিধানসভার চিপ হুইপ মনোজ টিগ্গা। এদিন মনোজ টিগ্গার হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন সদ্য তৃণমূল ছেড়ে আসা সদস্যরা।

বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি স্বপন রায় বলেন, “তৃণমূলে সবাই পদ নিয়ে ব্যস্ত। ওখানে থেকে মানুষের কাজ করা যায় না। তাছাড়া আমাকে নানাভাবে অপমান করা হয়েছে। তাই আগেই আমি তৃণমূল ছেড়েছিলাম। আজকে বিজেপিতে যোগদান করলাম। বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছাড়লাম”।

তবে অন্যদিকে আবার বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল সভাপতির দাবী, এতজন বিজেপিতে যোগ দেন নি। মাত্র দু’জন গিয়েছে বিজেপিতে। তাঁর কথায়, মানুষ তৃণমূলের সঙ্গে ছিল, আছে আর থাকবে। তিনি এও বলেন, এই দু’জন বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না।

বলে রাখি, কিছুদিন আগেই বানারহাট ব্লকের চার তৃণমূল নেতা দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। পদ থেকে ইস্তফা দেন তারা। তাদের মধ্যে দু’জন এদিন বিজেপিতে যোগ দিলেন। এই যোগদান নিয়ে বিন্নাগুড়ি তৃণমূল অঞ্চল সভাপতি বিজয় প্রসাদের যুক্তি, দু’জন পদের লোভে দলত্যাগ করেছেন।

আরও অন্যান্য খবর