শহীদ মিনারে লক্ষাধিক নয়, মাত্র ৭ হাজার লোকের সমাগম। রাজ্য নেতাদের জানালেন অমিত শাহ

পুরসভা ভোটের প্রাক্কালে গত রবিবার শহিদ মিনারে বিজেপি নেতা অমিত শাহ-এর সভা অনুষ্ঠিত হয়। নিজের সভার পর রাজ্য বিজেপি নেতৃত্বকে একটি প্রশ্ন করেন তিনি যে, আজ এই সভায় আনুমানিক কত লোকের সমাগম হয়েছিল? এই প্রশ্ন শুনেই রাজ্য নেতারা তাকে তুষ্ট করতে বলেন যে, লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল শহিদ মিনারে। সবটা শোনার পরেই ওই এলাকায় কত লোক উপস্থিত ছিলেন, তার হিসাব দিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

প্রসঙ্গত, কলকাতা পুলিস জানিয়েছে বর্তমানে শহিদ মিনারে আগের থেকে অনেক কম লোক ধরে, মেরে কেটে তা ১৪ থেকে ১৫ হাজার-এর বেশি হবে না। কিন্তু সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তার জন্য সামনের অনেকটা অংশ ফাঁকা রাখা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানানো হয়। স্বাভাবিকভাবে আরও ছোট হয়ে গিয়েছিল সেদিনের শহীদ মিনার চত্বর। এছাড়াও রবিবার অমিত শাহ-এর সভার শেষের দিকের কিছু অংশও খালি থাকতে দেখা যায়। সভা শেষেই রাজ্য নেতৃত্বকে অমিত শাহ প্রশ্ন করেন যে, ঠিক কত লোক এসেছিল আজ? হতচকিত হয়ে তখনই লক্ষাধিক লোকের দাবি করে বসেন রাজ্যের নেতারা। লক্ষাধিক লোকের হিসেব শুনেই আসল হিসাব দেন অমিত শাহ। বলে দেন, ‘লোক হয়েছিল মাত্র ৭ হাজার।’

কিন্তু তখনই রাজ্য নেতৃত্ব ভাবনায় বসে যান যে মাঠে কত লোক হয়েছিল, তার আসল হিসাব কীভাবে পেলেন অমিত শাহ? আসলে ওই দিনই ‘আর নয় অন্যায়’ প্রচারকৌশলের ঘোষণা করেন অমিত শাহ। শহীদ মিনারে সভা চলাকালীনই ৯৭২৭২৯৪২৯৪ নম্বরে মিসড কল দেওয়ার আহ্বান জানান তিনি। সাথে সাথেই সেই নির্দেশ পালন করেন মাঠে উপস্থিত বিজেপি কর্মীরা। সূত্রের খবর, ওই নম্বরে তখন ময়দান সংলগ্ন এলাকা থেকে মাত্র ৭ হাজার মিসড কল গিয়েছিল। সঙ্গে সঙ্গেই বিজেপির আইটি সেলের ওই পরিসংখ্যান হাতে চলে আসে অমিত শাহের কাছে।

এমনটাও যে হতে পারে তা কল্পনাই করতে পারেননি বিজেপির রাজ্য নেতারা। অমিত শাহ-এর পরিসংখ্যান শুনে চুপ করে যান রাজ্য নেতারা। কারণ সত্যিটা রাজ্য নেতারাও ভালোমতনই জানতেন। বিজেপির এক রাজ্য নেতার কথায়, ”বুথস্তর থেকে রাজনীতি করে এখানে উঠে এসেছেন অমিত শাহ। তাঁকে ভুলভাল বুঝিয়ে পার পাওয়া যাবে না।”

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment