মুসলিম তরুণীর সঙ্গে হিন্দু যুবকের প্রেম, রেস্তোরাঁ থেকে বেরোতেই যুগলকে বেধড়ক মারধর, ছুরির কোপ, বাঁচাতে গিয়ে জখম ২

ভিন্নধর্মের প্রেম যে এখনও আমাদের সমাজ সেভাবে মেনে নিতে পারে না, ফের তার প্রমাণ মিলল। মুসলিম তরুণীর সঙ্গে হিন্দু যুবকের প্রেমের জেরে খেসারত দিতে হল যুগলকে। চূড়ান্ত হেনস্থার শিকার হলেন দু’জন। যুগলকে বাঁচাতে গেলে দু’জনকে আবার ছুরির কোপ খেতে হয়।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই যুগল ইন্দোরের একটি হোটেলে রাতের খাবার কিনতে গিয়েছিলেন। খাবার কিনে তারা পার্কিং থেকে স্কুটি নেন। বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময়েই ঘিরে ধরা হয় তাদের। তাদের একসঙ্গে দেখে মেনে নিতে পারেননি এক দল মুসলিম যুবক। অভিযোগ, তারা হোটেল থেকে বেরিয়ে আসতেই যুগলকে ঘিরে ধরা হয়। এরপরই তাঁদের বেধড়ক মারধরও করা হয়।

যুগলকে মার খেতে দেখে ছুটে আসেন দুই ব্যক্তি। কিন্তু হামলাকারীরা তাদেরও ছাড়েনি। ছুরি দিয়ে তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন দু’জনই। মনে করা হচ্ছে, ভিন্ন ধর্মের যুগলের সম্পর্কজনিত কারণেই হামলার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের একবার নীতিপুলিশির ঘটনা সামনে এল।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ২০-২২ জনের উত্তেজিত একটি দল হামলা করেছে ওই যুগলের উপর। তাদের মারধর করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে তৎপর হয় পুলিশ। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রাজেশ রঘুবংশী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাত অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

জানা যাচ্ছে, প্রত্যেকেরই বয়স ২৩ থেকে ২৬ বছরের মধ্যে। আক্রান্ত যুগলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার কথা কানে গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানেরও। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর