আগামী ১লা জুন থেকেই কলকাতা মেট্রোর নিয়মে আসছে বড় বদল। এই নিয়ম যদি যাত্রীরা না জেনে থাকেন, তাহলে কাজের সময় মেট্রো ধরতে গিয়ে বেশ সমস্যার মুখে পড়তে হতে পারে। এখনই জেনে নিন মেট্রোর সেই নতুন নিয়ম।
আপনি কী মেট্রোর নতুন স্মার্ট কার্ড কেনার পরিকল্পনা করছেন? তাহলে এবার বাড়তে চলেছে খরচ। এতদিন পর্যন্ত নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে খরচ করতে হত ১২০ টাকা। এর মধ্যে কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা আর বাকি টাকার সঙ্গে মেট্রোর তরফে ১০ শতাংশ ভাড়া হিসেবে ব্যবহার করা যেত।
কিন্তু এখন সেই দাম বেড়ে গেল আরও ৩০ টাকা। অর্থাৎ এবার থেকে মেট্রোর নতুন স্মার্ট কার্ড কিনতে গেলে যাত্রীকে খরচ করতে হবে ১৫০ টাকা। কিন্তু হঠাৎ কেন দাম বাড়ল স্মার্ট কার্ডের?
মেট্রোর তরফে জানানো হয়েছে, ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই খুচরোর সমস্যা হয়। ২০ টাকা যেমন যাত্রীদের দিতে অসুবিধা হয়, তেমনই খুচরো ফেরত দিতে মেট্রো কর্তৃপক্ষেরও সমস্যা হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত। ১ জুন থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম।
তবে মেট্রোর তরফে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, স্মার্ট কার্ডের এই দাম বাড়ার ফলে কিন্তু যাত্রীদের কোনও লোকসান হবে না। স্মার্ট কার্ড ১৫০ টাকা দিয়ে কিনতে হলেও এর থেকে মেট্রো কর্তৃপক্ষ কার্ডের জন্য সেই আগের মতো ৮০ টাকাই নেবে। আর বাকি অর্থ ও মেট্রোর তরফে ১০ শতাংশ অর্থ যাত্রীরা ব্যবহার করতে পারবেন ভাড়া বাবদ।
প্রসঙ্গত, বর্তমানে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনেই স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি প্রতিটি স্টেশনেই এখন স্মার্ট কার্ড রিচার্জের আলাদা মেশিনও রয়েছে। কাউন্টারের লাইনে দাঁড়ানোর আর প্রয়োজন এখন আর সেভাবে হয় না।





