তীব্র গরম সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা, এই দুইয়ের জেরে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। স্বস্তির বৃষ্টি কবে হবে, এখন শুধুমাত্র সেই প্রশ্নই আমজনতার মুখে মুখে। এবার একটু খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভিজবে একাধিক জেলা।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা শুকনোই থাকছে। কারণ শহরে এদিনও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ।
শুধুমাত্র কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অসহ্য গরম পড়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ বিকেলের দিকে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে কিন্তু আবার রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।





