শিবে সংক্রান্তি রুজিরার! সকালেই ফিরিয়েছিল বিমানবন্দর, এবার কয়লা কাণ্ডে ফের অভিষেক-পত্নীকে তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ

সপ্তাহের শুরুটা মোটেই ভালো কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। আজ, সোমবার সকালেই তাঁর বিদেশ সফরে বাধা দেয় বিমানবন্দরের অভিবাসন দফতর। আর এবার কয়লা কাণ্ডে ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৮ই জুন সশরীরে সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তলবের পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

এর আগে অর্থাৎ গত বছরের জুন মাসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেবার সন্তানকে কোলে নিয়েই ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। এবার ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হল অভিষেক-পত্নীকে।

সূত্রের খবর, কিছুদিন আগেই দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেকপত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো সোমবার তাঁকে সমন পাঠাল ইডি।

এই তলব নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এর আগে নবজোয়ার যাত্রা আটকানোর জন্য় তাঁকে তলব করেছিল সিবিআই। এবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি”।

এদিকে আবার আজ, সোমবার সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। একাই দুই সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তাঁর স্ত্রী অভিষেক-পত্নী কিন্তু অভিযোগ, বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকরা। রুজিরাকে জানানো হয় যে তিনি বিদেশ যেতে পারবেন না। 

রুজিরার বিরুদ্ধে ইডি তদন্ত চললেও গত বছর জুন মাসে কলকাতা হাইকোর্ট অভিষেক ও রুজিরাকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছিল। সেপ্টেম্বর মাসে একটি রায়ে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখে। সেই নির্দেশের ভিত্তিতেই চোখের অস্ত্রোপচার করাতে দুবাই ও আমেরিকা গিয়েছিলেন অভিষেক। তারপরেও বিমানবন্দরে কেন রুজিরাকে আটকানো হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

অভিবাসন দফতরের কথায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে। আবার দিল্লি আদালতে একটি মামলাও চলছে। রুজিরা সেই মামলায় এখনও জামিন নেন নি। তাই সেই কারণে এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই কারণেই এদিন দুবাই যাওয়ার সময় তাঁকে আটকানো হয়েছে বলে জানায় অভিবাসন দফতর। 

আরও অন্যান্য খবর