করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা এখনও কাটে নি। সেই ক্ষত এখনও দগদগে। আর এরই মধ্যে ফের ট্রেন দুর্ঘটনার খবর মিলল। এবার লাইনচ্যুত হয়ে গেল এক তেলবাহী মালগাড়ি। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে।
ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার রাতে। মধ্যপ্রদেশের জবলপুর জেলার শাহপুরা ভিতোনি স্টেশনের কাছে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যতু হয়ে যায়। সেখানকার একটি পেট্রল পাম্পে তেল সরবরাহ করার আগেই মালগাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গিয়েছে, ওই ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এর জেরেই ঘটে যায় বিপত্তি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলকে। ঘটনাস্থলে ছুটে যান রেলকর্মীরা। উদ্ধার কাজ শুরু হয় দ্রুতগতিতে। রেলের তৎপরতায় দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়নি। হতাহতের খবর নেই এই দুর্ঘটনার জেরে। তবে মালগাড়িটি কীভাবে লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বলে রাখি, গত শুক্রবার ওড়িশার বালেশ্বরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তিনটি ট্রেনে। সেই দুর্ঘটনার ভয়াবহতা এখনও কাটে নি। সেদিন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় কামরা। সেই ট্রেনের দুটি কামরা আবার ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা যশবন্তপুর হামসফর এক্সপ্রেসে।
এর জেরে সেই ট্রেনের শেষের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহত হাজারেরও বেশি। এরই মধ্যে আবার মঙ্গলবার পুরুলিয়ার সাঁওতালডিহি স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে একটি রাজধানী এক্সপ্রেস বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। আর এবার তেলবাহী মালগাড়ির লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনা ঘটল।






