জাতীয় সড়কপথ, চারদিক দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে গাড়ি। বাইক চালাচ্ছেন এক যুবক। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তাঁর বাইকের সামনে বসে এক যুবতী। হ্যাঁ, বাইকের পিছনে নয়, তেলের ট্যাঙ্কারের উপর বসে রয়েছেন যুবতী। জাতীয় সড়কে চলন্ত বাইকেই উদ্দাম রোম্যান্সে মাতলেন ওই যুগল।
নানান সময় নানান যুবক-যুবতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে মেট্রোতে যুগলদের ঘনিষ্ঠ অবস্থার দৃশ্য এখন যেন জলভাত হয়ে গিয়েছে। এবার চলন্ত বাইকে যুগলের ঘনিষ্ঠ অবস্থার ভিডিও সামনে এল। সেই ভিডিও নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।
টুইটারে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জাতীয় সড়কে একের পর গাড়ি চলেছে। এরই মধ্যে অত্যন্ত হাইস্পীডে যাচ্ছে একটি বাইক। বাইকটি চালাচ্ছেন এক যুবক। আর বাইকে ছেলেটির দিকে মুখ করে বসে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন এক যুবতী। এমনকী বাইক চালানোর সময় একে অপরকে চুম্বন করছেন তাঁরা। যদিও ভিডিয়োতে দুজনের কারোর মুখই স্পষ্টভাবে দেখা যায়নি।
ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকায়। সেখানেই ৯ নম্বর জাতীয় সড়ক রাত সাড়ে ১২ টা নাগাদ নজরে আসে ঘটনাটি। এক যুগলকে চলন্ত বাইকের মধ্যে প্রকাশ্যে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই দৃশ্যই এক ব্যক্তি অন্য গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেন । সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল এই ভিডিও।
এই ভিডিও ভাইরাল হতেই গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানায়। বাইকচালকের বিরুদ্ধে হেলমেট না পরা, ত্রুটিপূর্ণ নম্বর প্লেট, বায়ু দূষণের মান লঙ্ঘন করা এবং পাবলিক জায়গায় অননুমোদিত রেসিং এবং স্পিড ট্রায়ালে জড়িত হওয়া সহ একাধিক আইন লঙ্ঘনের জন্য ২১ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
আজকাল ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কীই না করে। রাস্তায় নাচ, গান নানান প্র্যাঙ্ক এমনকি জাতীয় পতাকার অপমান করতেও পিছপা হন না অনেকে। এবার বাইক চালানোর সময় এই যুগলের রোম্যান্স করা ভাইরাল হল। তারা নিজেদের মধ্যে এতটাই মত্ত ছিলেন যে যে কোনও সময় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই যুগলের কড়া শাস্তির দাবী করেছেন নেটিজেনরা।





