‘কলকাতার প্রাক্তন মেয়রকে কুর্ণিশ, এখনও পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজছেন’, বাবা শোভনকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তুমুল কটাক্ষ ছেলে ঋষির

কিছুদিন আগেই আদালত চত্বরে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাদের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার বাবা শোভন চট্টোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তুলোধোনা করলেন তাঁর ছেলে ঋষি চট্টোপাধ্যায়। লিখলেন, “কলকাতার প্রাক্তন মেয়র কুর্ণিশ, এখনও পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজছেন”।

গত শনিবার বিবাহবিচ্ছেদ মামলার শুনানির আদালতে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সেদিন আদালত চত্বরে দাঁড়িয়েই একে অপরের সঙ্গে বচসায় জড়ান শোভন ও রত্না। রীতিমতো হাঁটাহাঁটি বেঁধে যায় দু’জনের মধ্যে।

বাবাকে কী বলেছেন ঋষি?

সেই ঘটনাকে কেন্দ্র করেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বাবা শোভনকে বিঁধলেন ঋষি। লিখলেন, “এক মহিলা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় মিথ্যা অভিযোগ খণ্ডনের জন্য লড়াই করছেন, নিজের পরিবারকে রক্ষা করতে আইনি লড়াই করছেন। এমন এক জনের বিরুদ্ধে তাঁকে লড়তে হচ্ছে যাঁকে তিনি ২২ বছর ধরে অন্ধ ভাবে নিজের স্বামী বলে জেনেছেন”।

ঋষি আরও আক্রমণ করে বলেন, “কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কুর্নিশ, তিনি এখনও নিজের পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন।” বাবার উদ্দেশে ঋষির কটাক্ষ, “জনসমক্ষে এক জন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, তা-ও জানেন না”।

উল্লেখ্য, এর আগে রত্না চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, একজন স্ত্রী ও দুটো বাচ্চা থাকা সত্ত্বেও লোককে দেখিয়ে নাচ গান করে নাটক করে লিভ ইন করতে পারেন তার থেকে শুভবুদ্ধি তাঁর রয়েছে। ২০১৮ সালে বেহালার পর্ণশ্রী এলাকার বাড়ি ছেড়ে গোলপার্কের একটি বিলাসবহুল আবাসনে থাকা শুরু করেন শোভন চট্টোপাধ্যায়।

তখন থেকেই পরিবারের সঙ্গে শোভনের কোনও যোগাযোগ নেই। ছেলে ঋষি এই বিবাদের শুরু থেকেই মায়ের পাশে দাঁড়িয়েছেন। এভাবে সরাসরি বাবাকে তোপ দাগতে কোনওদিন দেখা যায়নি তাঁকে। তবে এবার মায়ের ‘অপমান’ নিয়ে গর্জে উঠলেন ঋষি।

RELATED Articles