ঠিক যেন কোনও সিনেমা। বড়সড় এক ডাকাতির পরিকল্পনা করেছিলেন দম্পতি। প্রথমে এক দামী এসইউভি গাড়ি চুরি করেন ওই দম্পতি। তারপর সেই গাড়ি করেই সাড়ে তিন লক্ষ টাকার টমেটো লুঠ করেন তারা। শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার দম্পতি।
ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর আরএমসি ইয়ার্ড অঞ্চলে। এই ঘটনার পর থেকেই উধাও ছিলেন দম্পতি। তাদের নাম ভাস্কর ও সিন্ধুজা। দম্পতির খোঁজে ছিল পুলিশ। অবশেষে গতকাল, শনিবার পুলিশের হাতে ধরা পড়ে ওই দম্পতি।
জানা গিয়েছে, এই ঘটনায় অইও দম্পতি ছাড়াও যুক্ত ছিলেন আরও বেশ কয়েকজন। পুলিশ এখনও তাদের খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেশ আটঘাট বেঁধেই ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। গত ৮ জুলাই প্রথমে একটি এসইউভি গাড়ি চুরি করা হয়। অভিযুক্ত ভাস্কর, সিন্ধুজা সহ আরও ৩ ব্যক্তি ওই গাড়ি করেই আসছিলেন। আচমকাই একটি টমেটো বোঝাই ট্রাকের সঙ্গে ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটানো হয়।
এরপর অভিযুক্তরা ওই ট্রাকে থাকা কৃষকের থেকে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ চায়। জোর করে কৃষকের থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার টমেটো লুঠ করে ওই দম্পতি। তারপর সেখান থেকে পালায় তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর থেকেই অপরাধীদের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গ্রেফতার করা গেল অপরাধীদের।






