ভারতীয় সেনায় নিয়োগ পাক নাগরিক, হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করল সিবিআই

ভারতীয় সেনাবাহিনীতে পাক নাগরিক নিয়োগ মামলায় এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করল সিবিআই। তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের দাবী, এই অভিযুক্তরা প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি আধিকারিকদের নিয়মভঙ্গ, নথি জাল করার মতো নানান অপরাধের সঙ্গে যুক্ত।

কী জানাল সিবিআই?

সিবিআইয়ের দাবী, উত্তর ২৪ পরগনার কামারহাটি, জগদ্দল, খড়দহ ও টিটাগড় এলাকায় গোটা বিষয়টির জাল ছড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এফআইআরে মহেশকুমার চৌধুরী ও রাজু গুপ্তের নাম রয়েছে। তাদের সহায়তা করায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয় সরকারি আধিকারিকের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে।

ব্যারাকপুরে ভারতীয় সেনা ছাউনিতে দুই পাকিস্তানি নাগরিক কাজ করছেন বলে অভিযোগ তোলে সিবিআই। এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে তিনি এই মামলার তদন্তভার দেন সিবিআই ও সিআইডি-কে। সিবিআই দু’দিনের মাথায় এই মামলার রিপোর্ট পেশ করেছিল।

কী ছিল সেই রিপোর্টে?

সেই রিপোর্ট অনুযায়ী, এসডিও পাক নাগরিকদের হাতে ভুয়ো ওবিসি সার্টিফিকেট তুলে দিয়েছেন। এছাড়াও পাক নাগরিকদের হাতে ভুয়ো ডমিসাইল সার্টিফিকেটও পৌঁছেছে। এখনও পর্যন্ত উত্তর  পরগনা থেকে এই ভুয়ো নথির প্রমাণ মিলেছে। তদন্তকারীদের মতে, সর্বভারতীয় ক্ষেত্রে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে এই অভিযোগের গুরুতর ভূমিকা রয়েছে। এরপর হাইকোর্ট এফআইআর করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই এবার এফআইআর দায়ের করল সিবিআই।

RELATED Articles