আজ সকাল থেকেই রোদের দেখা মেলেনি শহরে। দক্ষিণবঙ্গের নানান জেলাতেও একই অবস্থা। ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও জলও জমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত এমন পরিস্থিতিই চলবে।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার মূলত আকাশ মেঘলাই থাকবে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
মূলত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় শুক্রবার সারাদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এছাড়া কোচবিহার ও দার্জিলিং জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত।
অন্যদিকে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি। রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। সআবহাওয়া দফতর সূত্রে খবর, ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।






