ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিকে ঘিরে চরম উচ্ছ্বাস শহরে। এরই মধ্যে ম্যাচের টিকিট নিয়ে হাহাকার পড়ছিল সমর্থকদের মধ্যে। প্রথম দিনই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার খবর মিলেছিল। এরই মধ্যে এবার চড়া দামে ডার্বির টিকিট ব্ল্যাক করার অভিযোগ উঠল।
এই অভিযোগে গতকাল, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পাশে হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। ডুরান্ড ফাইনালের প্রচুর টিকিট উদ্ধার হয়েছে তাদের থেকে।
সূত্রের খবর, পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় যে ময়দানের লেসলি ক্লডিয়াস সরণীর ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চড়া দামে ডার্বির টিকিট বিক্রি হচ্ছে। এরপরই সেখানে হানা দেন কলকাতা গুণ্ডাদমন শাখার আধিকারিকরা।
সেখান থেকে চার ব্ল্যাকারদের গ্রেফতার করা হয়। এই ধৃতরা হল- অজয় শেঠ, মুশির আহমেদ, ওমপ্রকাশ শেঠ ও মহম্মদ রশিদ। তাদের নাম টিকিট ব্ল্যাকার হিসেবে পুলিশের খাতায় রয়েছে বলে খবর। তাদের কাছ থেকে আজকের ডুরান্ড কাপ ফাইনালের প্রচুর টিকিট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ডুরান্ড কাপের ফাইনালে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। ট্রফি কার হাতে উঠবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এমন উত্তেজনার মধ্যে টিকিটের জন্য মারামারি, কালোবাজারি, উন্মাদনা খুব একটা অস্বাভাবিক কিছু নয়।
অনেক ক্ষেত্রে দুই দলের সমর্থকরাই টিকিটের জন্য পাগলামি শুরু করে দিয়েছেন। কিন্তু টিকিট মিলছিল না। দ্বিগুণ দাম দিতে তৈরি থাকলেও দুই প্রধানের সমর্থকদের হাত অবধি পৌঁছচ্ছিল না টিকিট। অভিযোগ উঠছিল, ৫-৬ গুণ দামে টিকিটের কালোবাজারি হচ্ছে। সেই অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।






