কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি যে সম্পূর্ণ রূপে মানা হবে না, তা আগেই জানানো হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে। নিজেদের মতো করে শিক্ষানীতি চালু করার জন্য একটি কমিটিও গড়েছিল রাজ্য সরকার। এবার রাজ্যের সেই শিক্ষানীতিকে মান্যতা দিল সেই কমিটি। শিক্ষা দফতরের তরফে জারি হল গ্যাজেট নোটিফিকেশন যাতে জানানো হয়েছে যে আজ, শনিবার থেকে রাজ্যে চালু হবে নতুন শিক্ষানীতি।
কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হল রাজ্যের এই নয়া শিক্ষানীতিতে?
- এই নতুন শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে প্রি-প্রাইমারি ক্লাস হবে ১ বছরের আর প্রাইমারি ক্লাস হবে চার বছরের।
- বাকি যা ছিল সব একই রয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ক্লাস আর নবম ও দশম শ্রেণীর পর উচ্চমাধ্যমিক।
- একাদশ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চমাধ্যমিক হলেও সেই পরীক্ষা পদ্ধতিতে খানিক বদল এসেছে। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার ও এমসিকিউ ধাঁচেই।
- নতুন এই শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে ক্লাউডে জমা থাকবে পড়ুয়াদের তিন বছর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অ্যাকাডেমিক সমস্ত তথ্য।
- এবার থেকে প্রত্যেক স্কুলে আয়োজন করা হবে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’।
- পড়ুয়াদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করতে যাতে অসুবিধা না হয়, তা স্কুল পর্যায় থেকেই ভাবনা চিন্তা শুরু করবে শিক্ষা দফতর।
- জানা যাচ্ছে, স্কুলগুলির সঙ্গে নানান মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় তৈরির কথাও বলা হয়েছে।
- রাজ্যের এই নতুন শিক্ষানীতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের কাছ থেকে অনুদানের নীতি নির্ধারণ করার উপরেও জোর দেওয়া হয়েছে।
- এই শিক্ষানীতিতে এও ভাবনাচিন্তা করা হেয়ছে যাতে একই ক্যাম্পাসে যাতে নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স করানো যায়।
- এমনকি, আইনের পাঠের জন্য বিশেষ কোর্স চালু করার কথাও বলা হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে।
- ভিন রাজ্যের নানান শিক্ষা প্রতিষ্ঠান যাতে রাজ্যে আসে, সেদিকেও নজর দেওয়া হয়েছে।মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।






