দিল্লি দাঙ্গায় আক্রান্তদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। এবার সেই ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখলেন সমাজকর্মীদের একটি গ্রুপ।
গতমাসে কেজরিওয়াল এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন। তিনি আরও ঘোষণা করেছিলেন, যারা পরিবারের ‘মাইনর’ সদস্য হারিয়েছেন তারা ৫ লাখ টাকা পাবেন। যাদের পরিবারের সদস্য গুরুতর আহত হয়েছে তারা ২ লাখ টাকা পাবে।
অ্যানি রাজা, অমৃতা জোহরি, হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ সহ বিশিষ্ট সমাজকর্মীদের সাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, দিল্লি সরকার যেভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে এই ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করেছে তা প্রশংসনীয়। তবুও এই ক্ষতিপূরণ কী কী মাপকাঠিতে ধার্য করা হয়েছে তার প্রকৃত উল্লেখ করা উচিত ছিল। পূর্ববর্তী ঘটনার আক্রান্তদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর আবশ্যিকতাও রয়েছে, বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যারা এই দাঙ্গায় বেঁচে গিয়েছেন, তাদের প্রকৃত চাহিদার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই চিঠিতে। অনেকেই চাকরি হারিয়েছেন, গৃহহীন হয়েছেন, বিমাহীন জিনিসপত্র নষ্ট হতে দেখেছেন, তাদের সেই সমস্যার সমাধান করতেও অনুরোধ করা হয়েছে এই চিঠিতে।





