তিনি কী বিজেপি ছাড়ছেন নাকি রাজনীতিই ছেড়ে দিচ্ছেন? এমনই প্রশ্ন উঠতে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা প্রলয় পালের একটি পোস্টকে কেন্দ্র করে। তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
গতকাল, শুক্রবার তিনি ফেসবুকে একটি পোস্ট করেন যা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। পোস্টে প্রলয় পাল লিখেছেন, “ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়”। এই পোস্ট নিয়েই নানান চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এই বিষয়ে এক সংবাদমাধ্যমের তরফে প্রলয় পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি আর দল করব না”। তিনি এও জানিয়েছেন যে এই বিষয়ে কথা বলার জন্য তিনি ইতিমধ্যেই জেলা সভপতির থেকে সময় চেয়েছেন। তিনি আজ, শনিবারই পদত্যাগপত্র দিতে চান বলে খবর।
কী কারণে দল ছাড়ছেন নেতা?
ঠিক কী কারণে বিজেপি নেতা দল ছাড়তে চাইছেন, তা অবশ্য জানা যায়নি। তিনি নিজেও এই বিষয়ে খোলসা করে কিছু জানান নি। তবে তিনি কী শুধু বিজেপিই ছাড়ছেন নাকি গোটা রাজনীতিকেই বিদায় জানাচ্ছেন, তা নিয়েও কানাঘুষো শুরু হয়েছে। অনেকেই আবার তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনাও দেখছে।
এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল জানান যে তাঁর সঙ্গে প্রলয় পাল ফোনে যোগাযোগ করেছেন। তাপসী মণ্ডল বলেন, “তিনি আগেও সহসভাপতি ছিলেন। নতুন কমিটিতেও সহসভাপতি রয়েছেন। কিন্তু কেন এটি করছেন, তা আমি বুঝে পাচ্ছি না। উনি আমাদের সক্রিয় কর্মী। তাঁকে যোগ্য সম্মান দিয়েই দলে রাখা হয়েছে। তবে কেন তিনি এসব লিখছেন, তা আমি জানি না”।






