ছোট্ট খুদের উপস্থিত বুদ্ধিই প্রাণ বাঁচাল যাত্রীদের। বড় এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদহের ভালুকা রোড স্টেশন ছাড়ার সময় ঘটে বিপত্তি। ছোট্ট ওই খুদে নিজের লাল টি-শার্ট দেখিয়ে দুর্ঘটনা রুখল।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, গতকাল, শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মালদহের ভালুকা রোড স্টেশন দিয়ে আপ শিয়ালদহ-শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। সেই সময় ওই স্টেশনের কাছে ট্রেন লাইনের পাশ দিয়েই বাড়ি ফিরছিল ওই ছোট্ট খুদে। তার নাম মোরসেলিম। হঠাৎই সে লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে।
এরপরই উপস্থিত বুদ্ধি কাজে লাগায় সে। তড়িঘড়ি নিজের পরনে থাকা লাল টি-শার্ট খুলে রেললাইনে দাঁড়িয়ে চালককে সমানে সংকেত দিতে থাকে ওই বালক। লাল সংকেত দেখেই এমারজেন্সি ব্রেক কষেন চালক। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর জেরে বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেন। বালকের এই উপস্থিত বুদ্ধির জেরে প্রাণ বাঁচে কয়েকশো যাত্রীর।
এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান রেলকর্মীরা। আপ লাইনে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। এই বিপত্তির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছয় ট্রেনটি।
জানা গিয়েছে, ওই বালক অর্থাৎ মোরসেলিম কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার এই উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়েছে সকলে। তার মা-বাবার ছেলের এমন কাজের জন্য গর্বিত। ট্রেন দুর্ঘটনা রুখে এখন এলাকায় হিরো হয়েছে সেই পুচকে খুদে।






