নতুন ধাঁচে এবার লোকাল ট্রেনকে সাজাতে উদ্যত রেল কর্তৃপক্ষ, সাধারণ লোকাল ট্রেনেও এবার থাকবে প্রথম শ্রেণীর কামরা

লোকাল ট্রেনকে এবার নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যত গোল পূর্ব রেল। মুম্বইয়ের মতোই এবার শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করার পরিকল্পনা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, প্রথমে মহিলা যাত্রীদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালের দু’টি কামরাকে প্রথম শ্রেণীর কামরায় রূপান্তর করে এই পরিষেবা চালু করা হবে।

গতকাল, সোমবার এমন পরিকল্পনার কথাই জানালেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেন ডিআরএম। এছাড়াও, স্বচ্ছতা পক্ষ উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে এক বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয়।

রেল সূত্রে খবর, কিছুটা ভাড়া বাড়িয়ে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্যই এই নতুন পরিষেবা আনার চেষ্টা করা হচ্ছে। যদি এই পদক্ষেপে সাফল্য মেলে, তাহলে অন্য রুটগুলিতেও ধীরে ধীরে এই প্রক্রিয়া অনুসরণ করা হবে জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।

রেল সূত্রে জানা যাচ্ছে, প্রথম শ্রেণীর কামরায় সাধারণ আসনের পরিবর্তে গদি দেওয়া নরম আসন থাকবে। এ ছাড়াও কামরার অন্যান্য ব্যবস্থাও আরও উন্নত করার চেষ্টা চলছে বলে জানাল রেল।

গত বছর শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে রেল বোর্ডের কাছে আর্জি জানানো হয় বাতানুকূল ট্রেনের জন্য। তবে এখনও পর্যন্ত সেই প্রস্তাব গৃহীত হয়নি। এবার ভাড়া সামান্য বাড়িয়ে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে এই প্রথম শ্রেণীর কামরা চালু করার উদ্যোগ নেওয়া হল।

পূর্ব রেলে বর্তমানে ছয় জোড়া মাতৃভূমি লোকাল চলে। এর মধ্যে একটি ট্রেনের রুট বেছে নিয়ে এই নতুন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। মুম্বইয়েও বাতানুকূল লোকাল শুরু হওয়ার আগে সাধারণ লোকাল ট্রেনে খানিক ভাড়া বাড়িয়ে প্রথম শ্রেণীর কামরা আনা হয়েছিল। এবার বাংলাতেও তেমনটাই হওয়ার আশা রয়েছে।

RELATED Articles