‘রাজভবনের বাইরে ১৪৪ ধারা থাকে, পুলিশের সাহায্যেই এসব হচ্ছে’, রাজভবনের বাইরে তৃণমূলের ধর্না নিয়ে খোঁচা শুভেন্দুর

গতকাল, বৃহস্পতিবার দুপিরে রাজভবন অভিযান করে তৃণমূল। এদিন রাজ্যপাল শহরে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। এরপরই রাজভবনের গেটের সামনে ধর্না কর্মসূচি নেয় ঘাসফুল শিবির। মঞ্চ বাঁধা হয় সেখানে। তৃণমূলের এই কর্মসূচি নিয়েই এবার প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বক্তব্য শুভেন্দুর?

শুভেন্দু অধিকারীর কথায়, রাজভবন চত্বরের ১৫০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা বজায় থাকার কথা। কিন্তু তা সত্ত্বেও কীভাবে সেখানে ধর্নায় বসল তৃণমূল, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় পুলিশকেও একহাত নিয়ে শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখলেন, “পুলিশের সহযোগিতায় তারা ১৪৪ ধারা জারি থাকা চত্বরে শুধু মিছিলই করেনি, একইসঙ্গে সেখানে ক্যাম্পও বানিয়ে ফেলেছে। রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই সস্তার রাজনৈতিক নাটকের জন্য। আর পুলিশ এই কাজে সাহায্য করছে”।

বলে রাখি, সম্প্রতি ‘জমিদারি’ কথাটি বঙ্গ রাজনীতিতে বেশ চর্চিত হচ্ছে। তৃণমূলের মুখে বারবার এই ‘জমিদারি’ শব্দটি শোনা যাচ্ছে। রাজ্যপালের বিবৃতিতেও এই শব্দের প্রয়োগ দেখা গিয়েছে। এবার শুভেন্দুও এই ‘জমিদারি’ নিয়ে ঘাসফুল শিবিরকে খোঁচা দিলেন।

উল্লেখ্য, একশো দিনের কাজ-সহ আবাস যোজনায় বকেয়া টাকার দাবী তুলে দিল্লিতে ২ দিন ব্যাপী আন্দোলন কর্মসূচি করে তৃণমূল। এবার বাংলাতেও শুরু হয়েছে সেই আন্দোলন। গতকাল, বৃহস্পতিবার রাজভবন অভিযান শেষে রাজভবনের বাইরেই ধর্নায় বসে তৃণমূল। রাজ্যপালের সঙ্গে যতক্ষণ না দেখা হচ্ছে, ততক্ষণ এই ধর্না চলবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই কর্মসূচি নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও অন্যান্য খবর