এখনও দেবীপক্ষ শুরু হয়নি। চলছে পিতৃপক্ষ। এর মধ্যেই শুরু হয়ে গেল পুজো। মহালয়ার দু’দিন আগেই দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছরের ধারাই বজায় রইল এই বছরও।
জানা গিয়েছে, শুধুমাত্র শ্রীভূমিই নয়, আগামীকাল উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজোরও উদ্বোধন করবেন মমতা। তবে ব্যতিক্রম একটাই। এবার আর মণ্ডপে সশরীরে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী। সমস্ত উদ্বোধনই হবে ভার্চুয়াল মাধ্যমেই।
কী জানালেন দমকলমন্ত্রী?
এই উদ্বোধন প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু এক সংবাদমাধ্যমে বলেন, “মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার মধ্যেও যে শ্রীভূমির পুজো উদ্বোধনের সময় দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। উনি মণ্ডপে আসতে পারছেন না, সেটা খারাপ লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার পায়ের সমস্যার দ্রুত নিরাময় হোক”।
কেন এই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন?
বেশ কিছুদিন আগে হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি যান স্পেন সফরে। সেখানে গিয়েও পায়ে চোট পান তিনি। স্পেন থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যান মমতা। পায়ের এমআরআই হয়। তাতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসা শুরু হয়েছে। সেই কারণেই আপাতত বেশি হাঁটাহাঁটি বা বাইরে ঘোরাফেরা করা বন্ধ তাঁর। সেই কারণেই এই ভার্চুয়াল উদ্বোধন।
এই চোটের কারণে ও স্পেন সফরের জন্য গত একমাস ধরে নবান্নে যান নি মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ তিনি নবান্নে পা রেখেছিলেন ১১ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি এতদিন নবান্নে যেতে পারলেন না।






