১০০ বছরের ঐতিহ্যকে অবহেলা নয়, রাজ্য সরকারের দেওয়া নীল-সাদা ইউনিফর্ম ছিঁড়ে রাস্তায় ফেলে দিল পড়ুয়ারা

রাজ্য সরকারের দেওয়া নীল-সাদা ইউনিফর্ম নিয়ে এর আগেও একাধিক স্কুলে নানান ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এই ঘটনা নিয়ে বিতর্কের অন্ত নেই। ফের নীল-সাদা ইউনিফর্ম নিয়ে শুরু হল বিতর্ক। স্কুল থেকে দেওয়া নীল-সাদা ইউনিফর্ম পছন্দ না হওয়ায় সেই নীল প্যান্ট ছিঁড়ে রাস্তায় ফেলে দিল পড়ুয়ারা।

কী ঘটেছে ঘটনাটি?

এমন বিতর্কিত ঘটনা ঘটল জলপাইগুড়ির শতাব্দী পুরনো ফণীন্দ্র দেব বিদ্যালয়ে। শুরুর থেকেই এই স্কুলের ইউনিফর্ম হল খাকি রঙের প্যান্ট ও সাদা জামা। এই ইউনিফর্ম স্কুলের ১০০ বছরের ঐতিহ্য বহন করে চলেছে। সেই কারণে এই ঐতিহ্যের অপমান হতে দিতে নারাজ স্কুলের পড়ুয়ারা। সেই কারণেই সরকার প্রদত্ত নীল-সাদা ইউনিফর্মের নীল প্যান্ট ছিঁড়ে রাস্তায় ফেলে দিল তারা।

গত বছরই রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে একই ইউনিফর্ম হবে। সেই অনুযায়ী রাজ্যের সমস্ত স্কুলে সরকারের তরফ থেকে পাঠানো হয় নীল-সাদা ইউনিফর্ম। গত বছর থেকেই অনেক স্কুলের পড়ুয়ারাই সেই ইউনিফর্ম গ্রহণ করতে অস্বীকার করে। এবার এই স্কি ঘটনা ঘটল ফণীন্দ্র দেব বিদ্যালয়েও। সরকারের ইউনিফর্ম পছন্দ না হওয়ায় তা ছিঁড়ে রাস্তায় ফেলে দিল পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

কী জানানো হল স্কুলের তরফে?

এই ঘটনায় স্কুলের অশিক্ষক কর্মচারী জয়প্রকাশ কামাত জানান, “যে প্যান্টগুলি ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে সেইগুলি সরকারের তরফে ছাত্রদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু ছাত্ররা স্কুলের পুরনো ইউনিফর্ম ছেড়ে নতুন নীল প্যান্ট পরতে চাইছে না। তাই ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে”।  

স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানান, “স্কুলে আজ পোশাক বিলি করা হয়েছে। তবে স্কুল চলাকালীন কোনও ঘটনা ঘটেনি। স্কুল ছুটির পর বাইরে কী হয়েছে তা আমার জানা নেই।“ 

পড়ুয়াদের কী মত?

এই ইউনিফর্ম পরিবর্তন নিয়ে এক স্কুল পড়ুয়া জানায়, “আমাদের আগের পোশাকের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা চাই না খাকি প্যান্ট ছেড়ে নীল প্যান্ট ব্যাবহার করতে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles