২ মাস ধরে হাসপাতালে, ঠিক কতটা অসুস্থ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ, খোঁজ নিতে এসএসকেএমে হানা ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে তিনি কতদিন আদতে জেলে কাটিয়েছেন, তা হয়ত হাতে গুনেই বলা যাবে। গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এর জেরে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এবার আজ, বুধবার আচমকাই এসএসকেএমে হানা দেয় ইডি।

একটানা প্রায় ২ মাস ধরে এসএসকেএমে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। এর জেরে আটকে রয়েছে তদন্ত। সেই কারণে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে এসএসকেএমে পৌঁছয় ইডির একটি টিম। কথা বলেন চিকিৎসকের সঙ্গে। তদন্তে তৎপরতার জেরেই এই হানা ইডির, এমনটাই মনে করা হচ্ছে।

কেন এসএসকেএমে ইডির এই হানা? 

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন সুজয়কৃষ্ণ ভদ্র। তখন তাঁকে নিয়ে যায় এসএসকেএমে। পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসকরা জানান যে তাঁর অস্ত্রোপচার করতে হবে। কালীঘাটের কাকুর ইচ্ছা অনুজায়িও, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। সুস্থ হওয়ার পর জেলে ফেরেন তিনি।

কিন্তু ফের বিপত্তি। জেলে ফেরার পর ফের কালীঘাটের কাকু জানান যে তাঁর বুকে ব্যাথা শুরু হয়েছে। এই কারণে গত আগস্ট মাসের শেষের দিকে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। সেই থেকে সেখানেই ভর্তি তিনি। আর জেলে ফেরেন নি। তিনি ঠিক কতটা অসুস্থ? এতদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার কী কারণ, তা জানতেই এদিন এসএসকেএমে যান ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্র বারবার অসুস্থ হয়ে পড়ায় ইডি-র তদন্তে অসুবিধা হচ্ছে। তাঁর কন্ঠস্বরের নমুনাও এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে আবার এই দু’মাসের মধ্যে সুজয়কৃষ্ণ যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এ তল্লাশি চালিয়েছে ইডি।

RELATED Articles