স্ত্রী যদি স্বামীর মতোই উপার্জন করেন আর তাঁর শিক্ষাগত যোগ্যতা যদি স্বামীর মতোই হয়, তাহলে বিবাহবিচ্ছেদের পর স্বামীর থেকে খোরপোশ দাবী করতে পারবেন না স্ত্রী। হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারার কথা উল্লেখ করে এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এক গৃহবধূর করা মামলায় এই নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। ওই মামলার শুনানি ছিল বিচারপতি সুরেশ কুমার কাইত ও বিচারপতি নীনা বনসল কৃষ্ণার ডিভিশন বেঞ্চে। এদিন আবেদনকারী মহিলার মামলা খারিজ করে দেয় আদালত।
এদিন বিচারপতিরা জানান, ওই মহিলা ও তাঁর বর্তমান স্বামী দু’জনেই সুপ্রতিষ্ঠিত। এমন অবস্থায় ওই মহিলা তাঁর প্রাক্তন স্বামীর থেকে কোনওভাবেই খোরপোশ দাবী করতে পারেন না।
২০২০ সাল থেকে স্বামীর থেকে আলাদা থাকেন আবেদনকারী মহিলা। পরবর্তীতে ডিভোর্স হয় তাদের। এরপর সন্তান প্রতিপালনের জন্য স্বামীর থেকে ৪০ হাজার টাকা দাবী করেন মহিলা। সেই টাকার অঙ্ক কমানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। অন্যদিকে আবার মহিলা নিজের জন্যও ২ লক্ষ টাকা খোরপোশ দাবী করেন।
এই মামলায় দিল্লি হাইকোর্ট জানায়, ওই মহিলা যেহেতু মাসে আড়াই লক্ষ টাকা রোজগার করেন আর তাঁর বর্তমান স্বামীর উপার্জন এর থেকেও আরও বেশি, সেই কারণে ওই মহিলা নিজের প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবী করতেই পারেন না। হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারার উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে।





