স্ত্রী বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টের বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্ত্রী রান্না জানেন না। রান্না করে খাওয়ান না তাঁকে। এই অভিযোগ তুলে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। আদালতের পর্যবেক্ষণ, স্ত্রী যদি রান্না না জানেন বা রান্না করে খাওয়াতে না পারেন, তাহলে তা কোনও অপরাধ বা নিষ্ঠুরতা নয়।
ঘটনাটি ঘটেছে কেরলে। জানা গিয়েছে, আবেদনকারী ব্যক্তির বিয়ে হয় ২০১২ সালে। সেই সময় তারা আবু ধাবিতে থাকতেন। স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী নাকি তাঁকে নানানভাবে অপমান করতেন। আত্মীয়স্বজনদের সামনে অপমান করতেন স্ত্রী। তাঁকে ঠিকঠাক সম্মান না দেওয়া ও তাঁর থেকে দূরত্ব তৈরি করে রাখতেন স্ত্রী, এমনটাই অভিযোগ স্বামীর।
স্বামীর দাবী, তাঁর স্ত্রী একবার তাঁর অফিসেও যোগাযোগ করেন। সেখানেও নালিশ জানিয়ে তাঁকে কাজ থেকে ছাঁটাই করার চেষ্টা করেছিলেন স্ত্রী, এমনটাই দাবী ওই ব্যক্তির। রান্না না করা বা শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করার মতোও অভিযোগ করে স্বামী। এই নিয়ে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন জানান কেরল হাইকোর্টে।
অন্যদিকে স্ত্রীয়েরও পাল্টা অভিযোগ রয়েছে। তাঁর অভিযোগ, তাঁর স্বামীর যৌন বিকৃতি ছিল। তিনি মাঝে মধ্যেই স্ত্রীর শারীরিক গঠন নিয়ে তাঁকে তাচ্ছিল্য করতেন। স্বামীর মানসিক সমস্যা রয়েছে বলেও অভিযোগ স্ত্রীর।
স্বামীর অফিসে যোগাযোগেরও ব্যাখ্যা দিয়েছেন ওই মহিলা আদালতে। তাঁর বক্তব্য, তিনি বৈবাহিক জীবন নিয়ে চিন্তায় ছিলেন। স্বামীর সঙ্গে কী হয়েছে, তা জানতেই তাঁর অফিসে যোগাযোগ করেছিলেন বলে আদালতে জানান তিনি।
এই মামলা ওঠে বিচারপতি অনিল কে নরেন্দ্রন ও বিচারপতি সোফি থমাসের ডিভিশন বেঞ্চে। দু’পক্ষের অভিযোগ শোনার পর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এই দম্পতি ১০ বছর ধরে আলাদা থাকেন। আদালতের বক্তব্য, পর্যাপ্ত কোনও কারণ পাওয়া যায়নি বিবাহবিচ্ছেদের জন্য। সেই কারণে একপক্ষ এককভাবে বৈবাহিক সম্পর্ক থেকে এভাবে বেরিয়ে আসতে পারেন না।






