পুজো শেষ। চারদিন মর্ত্যে কাটিয়ে ফের কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। এখন বঙ্গে বিষাদের সুর। দশমীর পর আজ, একাদশীতেও চলছে প্রতিমা নিরঞ্জন। সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। এমন আবহে এবার দুর্গাপুজো নিয়ে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
কী বললেন মদন?
মদনের কথায়, “প্রতিমা দর্শ করতে এলাম। মেয়েদের এই সিঁদুরকে সাক্ষী রেখে শপথ নিলাম ২৪ মহাযুদ্ধে একটা প্যাণ্ডেলে রাম আটকে থাকবে না, প্রতিটি প্যান্ডেলে রাম-সীতা হনুমান লক্ষ্মণ সবাই থাকবেন। এই লড়াই তৃণমূল করবে”।
এখানেই শেষ নয়। নাম না করেই এদিন তিনি বিজেপি তথা কাউন্সিলর সজল ঘোষের পুজোকে কটাক্ষ করেন। মদন বলেন, “মায়ের পুজোকে যাঁরা একটা মণ্ডপে আটকে রাখে তাঁদের বিরুদ্ধে লড়াই আমাদের। আর এটা প্যান্ডেল নয়, মন্দির। ওটা তৈরি করা হয়েছে একজনকে খুশি করার জন্য। এটা রামমন্দিরের নাম ব্যবহার করে সুযোগ নিয়েছে”।
প্রসঙ্গত, এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর থিম ছিল রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছিল এই মণ্ডপ। এই পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এই পুজোর উদ্বোধন করতে। সন্তোষ মিত্র স্কোয়ার এবার জোর টক্কর দিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমিকে। ভিড় সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিলেন পুলিশরা। এই পুজো নিয়েই এবার সজল ঘোষকে কটাক্ষ করলেন মদন।






