৬ নভেম্বর পর্যন্ত হেফাজত, নির্দেশ শুনেই অসুস্থ জ্যোতিপ্রিয়, আদালতের জ্ঞান হারালেন, ধৃত মন্ত্রীকে নিয়ে আদালতে

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ, শুক্রবার আদালতে পেশ করা হয় তাঁকে। এদিন আদালতে শুনানি শুনেই সংজ্ঞা হারালেন মন্ত্রী। আলিপুরের কমান্ড হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর কথা বলেন বিচারক। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত মন্ত্রীকে।

এদিন বিকেল ৫টা নাগাদ শুনানি চলছিল ব্যাঙ্কশাল আদালতে। বিচারককে নিজের শারীরিক সমস্যার কথা জানাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতদৃষ্টিতে তাঁকে সেই সময় সুস্থই মনে হচ্ছিল বটে। জ্যোতিপ্রিয় বিচারককে জানান, তিনি দীর্ঘদিনের সুগারের রোগী। কিডনির সমস্যা রয়েছে তাঁর। চেন্নাইতে চিকিৎসা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো প্রতিদিন তাঁকে ১০ হাজার পা হাঁটতে হয় বলে জানান মন্ত্রী।

তিনি জানান যে তাঁকে ইনসুলিনের ডোজ নিতে হয় কিন্তু গতকাল তা নিতে না পারায় পা ফুলেছে তাঁর। তবে তিনি বিচারককে এও জানান যে ইডি তাঁর উপর কোনও শারীরিক বা মানসিক অত্যাচার করে নি। ভালো ব্যবহারই করেছে। বিচারক তাঁকে কাঠগড়ার সামনে চেয়ারে বসতে বললেও দাঁড়িয়েই থাকেন তিনি। তবে বিচারক যখন তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন, তখন অসুস্থ হয়ে চেয়ারে বসতে যান আর চেয়ার থেকে পড়ে যান। অজ্ঞান হয়ে যান জ্যোতিপ্রিয়। বমিও করতে শুরু করেন।

তাঁর মেয়ে আদালতেই ছিলেন। তিনি পেশায় চিকিৎসক। অসুস্থ বাবাকে দেখেই ছুটে আসেন তিনি। মাথায় জল দেন। কোনওরকমে তাঁকে বিচারকের ঘরে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি দেখে ধৃত মন্ত্রীকে আলিপিরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। বিচারক জানিয়েছেন, তিনি বাড়ির খাবার খেতে পারবেন। আইনজীবীর সঙ্গে এক ঘণ্টা করে কথা বলতে পারবেন। কমান্ড হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় এদিন আদালত।

আরও অন্যান্য খবর